কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সড়কে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা-বাবা, সিএনজিচালক ও এক অজ্ঞাত যাত্রীসহ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে সবাই বর্তমানে চিকিৎসাধীন বলে জানা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকারবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রওশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসারুপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে ও নিহতের পিতা মো. তাজুল ইসলাম (৭৩), তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫), সিএনজি চালক জিসান (৩৫) এবং এক অজ্ঞাতপরিচয় যাত্রী।
তাজুল ইসলাম জানান, তিনি স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক নিকট আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবীদ্বারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
তিনি আরো জানান, ঘটনাস্থলেই তার মেয়ে রওশন আরা বেগম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার নাতি ইয়ামিন মারা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে যাওয়ার সময় বিকেল ৩টার দিকে বারেরা সরকারবাড়ির সামনে পেছন থেকে একটি ছোট কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত মা ও ছেলের মরদেহ এবং কাভার্ড ভ্যান ও চালক থানার হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।
মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :