কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘ প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু মোকারমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
গ্রেপ্তার আবু মোকারম (৪৪) চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর বরকল (সর্দার বাড়ি) এলাকার আবু তালেবের ছেলে।
তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে বোনের চাচিশাশুড়িকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখার ঘটনায় দায়ের করা মামলায় তাকে প্রধান (১ নম্বর) আসামি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। চন্দনাইশ থানার ওই হত্যা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
ওই বছরের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন (৬ আগস্ট) সকালে কাশিমপুর কারাগারে বন্দিরা সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে এবং বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই দিয়ে কারাগারের সীমানাপ্রাচীর টপকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারমসহ অনেক বন্দি পালিয়ে যান।
কারাগার থেকে পালানোর পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে আবু মোকারম বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে দেশের নানা স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে এসআরবি-১১। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের একটি চৌকস দল মেঘনা টোল প্লাজা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :