|
Getting your Trinity Audio player ready...
|

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র হত্যার মামলার আসামিসহ একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ী এলাকার মৃত পিয়ার আলী মাদবরের ছেলে ও আশুলিয়া ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মেম্বার (৫৫) এবং একই থানার ইয়ারপুর গ্রামের মজিবর রহমানের ছেলে ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
তাদের মধ্যে মো. আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে ২টি বৈষম্যবিরোধী ও ২টি অন্যান্য মামলাসহ মোট ৪টি মামলা এবং সোহেল মোল্লার বিরুদ্ধে ৭টি অন্যান্য মামলা রয়েছে।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, আব্দুল হালিম মেম্বারের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে।তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাইচ্যাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকেও একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :