|
Getting your Trinity Audio player ready...
|

ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির মাঝে টানটান উত্তেজনা, চারদিকে রঙের খেলা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। এই ফুটবলের উন্মাদনা শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে বাজারের অলিগলি থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও।
বিশ্বকাপের আবহে ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন সবজি ব্যবসায়ী কাওসার আলী।
সরেজমিন ঘুরে জানা যায়, কাঁচাবাজারের বাকি সব দোকান থেকে আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক কাওসার আলীর দোকানটি সম্পূর্ণ আলাদা। কাওসার আলী নিজের খুচরা সবজির দোকানটিকে সাজিয়েছেন নীল-সাদা রঙের আর্জেন্টিনার পতাকায়। পুরো দোকান ঘিরে রাখা হয়েছে অসংখ্য পতাকা দিয়ে।
চারদিকে উড়ছে ছোট-বড় নানা আকারের পতাকা—যেন এক টুকরো আর্জেন্টিনা এসে বসেছে ঠাকুরগাঁওয়ের বাজারে।আর্জেন্টিনার পতাকায় মোড়ানো কাওসার আলীর সবজির দোকান। ছবি : কালের কণ্ঠ
শুধু দোকানের সাজসজ্জাতেই থেমে থাকেননি কাওসার, বদলেছেন দোকানের নাম। দোকানটির নাম বদলে রেখেছেন আর্জেন্টিনা সবজি ভাণ্ডার।
দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে নামটি। আর তার পাশেই আরেকটি আকর্ষণীয় ঘোষণা—‘আর্জেন্টিনার জার্সি পরে আসলেই কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত ছাড়।’
এ ঘোষণার পর থেকেই বাজারে সৃষ্টি হয়েছে ভিন্নরকম উৎসাহ। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে অনেক ক্রেতা ভিড় জমাচ্ছেন কাওসারের দোকানে। কেউ কিনছেন শাক-সবজি, কেউ ফলমূল, আবার কেউ শুধু কৌতূহল মেটাতে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।
দূরদূরান্ত থেকে অনেকে শুধু দেখতে আসছেন কাওসারের দোকান।
আর্জেন্টিনা সবজি ভাণ্ডারে সবজি কিনতে আসা রাহাত বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তো কতই দেখেছি, কিন্তু জার্সি পরে সবজি কিনলে ১০ টাকা ছাড়—এমন কাণ্ড বাপের জন্মে শুনিনি! আমি কিছু বাজার করলাম। এতে মেসির প্রতি ভালোবাসাও প্রকাশ হলো, আবার পকেটের টাকাও কিছু বাঁচল।’
সবুজ মিয়া নামের আরেক আর্জেন্টিনা ফুটবলভক্ত বলেন, ‘আমি কিছু কিনতে আসিনি। আর্জেন্টিনা সবজি ভাণ্ডারের নাম শুনে দেখতে আসছি। আমার বাসা প্রায় ২০ কিলোমিটার দূরে। এত দূর থেকেই আমার সঙ্গে আরো তিন জন আসছে।’
কাওসারের দোকান দেখতে আসা ব্রাজিলভক্ত মিরাজ বলেন, ‘আমি ব্রাজিলভক্ত, তবুও কাওসারের দোকানের কথা শুনে দেখতে আসছি। তার দোকানে সাজসজ্জা ও বিশেষ ছাড় বেশ ভালো লাগল।’বাজারের নিয়মিত ক্রেতা রঞ্জু চৌধুরী বলেন, ‘আমি বাজারে আসার পর কাওসারের দোকান চোখে পড়ে। কৌতূহলী হয়ে সেই দোকানে কেনাকাটা করতে যাই। আর্জেন্টিনার জার্সি না থাকায় কোনো ছাড় পাইনি। তবে কেনাকাটা করে ভালো লেগেছে।’
কাওসার আলী বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই নিজের ভালোবাসা প্রকাশ করতে দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। ক্রেতাদেরও একটু আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।’
স্থানীয়রা জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ এর আগে এই বাজারে দেখা যায়নি। ফলে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন দোকানটি দেখতে। সকলে বলছেন এটি ফুটবল প্রেমের অনন্য প্রকাশ।
বিশ্বকাপের উত্তাপে যখন দেশজুড়ে চলছে প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন, তখন ঠাকুরগাঁওয়ের এই ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ যেন ফুটবল আর ব্যবসার এক অনন্য মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে। বাজারের সাধারণ একটি সবজির দোকান এখন স্থানীয় মানুষের কাছে আলোচনার অন্যতম বিষয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :