ফরিদপুরে নির্বাচনী লিফলেট বিতরণ ও ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপি কর্মী আহত
বিশেষ প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে নির্বাচনী লিফলেট বিতরণ ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি মনোনীত এমপি প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন।
জানা যায়, অদ্য আনুমানিক বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে আহত হন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর সমর্থক নিলয় (২৫)। তিনি ওসমানের পুত্র। ওসমান কানাইপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং তার বাড়ি কাশিমাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অদ্য সকালে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী লিফলেট বিতরণ শেষে ছাইবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে নিলয়, তার ভাই হৃদয় এবং তাদের পিতা ওসমান উপস্থিত হন। এসময় বিদ্যালয়ের দৌড় প্রতিযোগিতায় এক শিক্ষার্থী তৃতীয় স্থান অর্জন করাকে কেন্দ্র করে সেখানে আগে থেকে অবস্থান করা জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মারামারির ঘটনা ঘটে। এতে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক নিলয় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত পক্ষের অভিযোগ অনুযায়ী, হামলায় জড়িত ছিলেন ফরিদপুর-৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থীর ২/৩ জন কর্মী। তাদের মধ্যে শনাক্ত ব্যক্তিরা হলেন পান্নু (২২), পিতা আবুল কালাম এবং শরিফ (২৮), পিতা রফিক। উভয়ের বাড়ি কাশিমাবাদ, কানাইপুর, ফরিদপুর।
এ বিষয়ে আরও জানা যায়, অভিযুক্তরা বর্তমানে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও অতীতে তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তারা স্থানীয় জামায়াত নেতা লিয়াকত মাস্টারের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় অদ্যবধি থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে আহত পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।