সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং বিক্ষোভ
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (৪ মে) বেলা ১১-৩০ মিনিটের দিকে উপজেলার কাগদী মুরুটিয়া আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় প্রতিষ্ঠান জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সার্বিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের শান্ত করে পুনরায় ক্লাসে ফেরান তিনি। বিক্ষোভ কালে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মামুন শরীফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেয়, তাদের দাবি, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চললেও তা সমাধানে কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হয়েছে। এ অবস্থায় তারা অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
তবে স্থানীয়দের একাংশের দাবি, শিক্ষকদের অভ্যন্তরীণ বিরোধীদের দেরে একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের মতে এখনো দৃশ্যমানভাবে বড় ধরনের কোন অনিয়ম দৃশ্যমান হয়নি।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মামুন শরীফ বলেন”আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যাও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সমাধান হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের হিসাব নিকাশে কিছু অস্পষ্টতা রয়েছে, যা মন থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করছি। সংশ্রেষ্ঠদের কাছ থেকে গ্রহণ করে যাচাই-বাছাই করা হবে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।