চট্টগ্রামের সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম হাফেজ আহমেদ সজীব। তিনি মগধরা ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সজীব রাতে পেলিশ্যার বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছলে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সজীবের মাথায় একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
আহত সজীব আহমেদ জানান, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তাকে কিছুদিন ধরে ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।
এদিকে এ ঘটনায় উপজেলা জামায়াতের সভাপতি দিদারুল ইসলাম ফিরোজ ও সেক্রেটারি আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে অপরাধীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দীন সিকদার বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘পেলিশ্যার বাজারে একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’