কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে রবিবার সকালে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই।কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘বিগত নির্বাচনে কিছু প্রিসাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনো চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।’