ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাজিম শেখ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা মামুন শেখের ছেলে তাজিম শেখ বাড়ির সামনে গঙ্গাধরদী-খামিনারবাগ সড়ক পারাপারের সময় খামিনারবাগ থেকে গঙ্গাধরদীগামী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তার ওপর পড়ে যায়।
পরে স্বজনরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।