ব্রিটেনের প্রিন্স উইলিয়ামস ও প্রিন্সেস কেট মিডলটনের গ্রামের বাড়িতে চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত অ্যানমার হল নামের এই বাড়িটি তখন খালি ছিল।
নরফোক পুলিশ জানিয়েছে, অ্যানমার হলে সন্দেহজনক কার্যকলাপের খবর পাওয়ার পর সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে তারা একটি কল পায়। পুলিশ এলাকাটি তল্লাশি করার জন্য কুকুর, ড্রোন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করে এবং এস্টেট থেকেই দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে এ ব্যাপারে কেনসিংটন প্যালেস কোনো মন্তব্য করেনি।
কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তারা কোনো মন্তব্য করে না।
প্রিন্স অব ওয়েলস এবং প্রিন্সেস অব ওয়েলস অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না। ছুটির দিনগুলোতে অবকাশযাপনের গ্রাম্য আবাস হিসেবে তারা এস্টেটটি ব্যবহার করেন। ১০ শয়নকক্ষ বিশিষ্ট এই গ্রাম্য অবকাশযাপন কেন্দ্রটি ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই দম্পতিকে উপহার দিয়েছিলেন।
নরফোকের ব্যক্তিগত স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত লাল ইটের তৈরি জর্জীয় আমলের এই প্রাসাদটি রাজার অন্যতম ব্যক্তিগত বাসভবন স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। স্যান্ড্রিংহাম এস্টেট প্রায় ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রিন্স ও প্রিন্সেসের প্রধান বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে অবস্থিত।
স্যান্ড্রিংহাম হাউস এবং এর বাগান বর্তমানে বন্ধ থাকলেও সাধারণ মানুষ এস্টেটটি পরিদর্শন করতে পারেন। মূল বাড়ির পশ্চিমে অবস্থিত বনাঞ্চল ‘রয়্যাল পার্কল্যান্ড’ সারাবছরই সাধারণ মানুষের জন্য খোলা থাকে।
রাজপরিবারের আরও অনেক সদস্য এই এস্টেটে বসবাস করেন, যাঁদের মধ্যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরও রয়েছেন, যিনি ফেব্রুয়ারি মাসে মার্শ ফার্মে উঠে এসেছেন। সূত্র: বিবিসি
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :