শিরোনামঃ

ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৬ প্রাণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৬ প্রাণ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা-খুলনা-ফরিদপুর মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে বাস-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

 

 

এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মধুখালী উপজেলার আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় বাস-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ ঘটে। এর প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা।

 

তেঁতুলতলায় নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।

 

 

এ ঘটনায় সুমি বেগমের স্বামী পলাশ (৩৮) গুরুতর আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে একটি বালুবাহী ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।

 

 

সংঘর্ষের পর ট্রাকটির চাকা বিস্ফোরিত হলে সেটি মহাসড়কে উল্টে পড়ে। এ সময় একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বালু সরিয়ে ইজিবাইক থেকে তিনজনকে এবং ক্রেন দিয়ে ট্রাক সরিয়ে প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করা হয়। পরে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমি বেগম ও তার ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।

 

 

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মধুখালীর আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রথমে তিনজন নিহত হন। পরে আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুল্যান্সে সাতজনের একটি দল ছিল। তারা ‘ভলেন্টিয়ার বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় অংশ নিতে ফরিদপুরে এসেছিলেন। সভা শেষে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

 

নিহতদের মধ্যে রাব্বি (২১) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১) রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা মাগুরা সদর উপজেলার বাসিন্দা।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ হতাহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।

 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রথমে তিনজন এবং পরে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর প্রায় এক ঘণ্টা পর কানাইপুরের তেঁতুলতলায় ট্রাকের নিচে চাপা পড়ে মা-ছেলের মৃত্যু হয়। দুই দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।