বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার পর এক নারী সহকারী উপপরিদর্শককে (এএসআই) অন্য থানায় বদলি করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর থানায় দায়িত্ব পালনের সময় ওসির স্ত্রী আঞ্জুমানের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে জিডি করেন এএসআই শাহনাজ আক্তার।
পরে গত ২ অক্টোবর তাকে আগৈলঝাড়া থানা থেকে বদলি করে বানারীপাড়া থানায় পদায়ন করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) জিডির অনুলিপিটি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
জিডির বিবরণে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৮টার দিকে ওসির স্ত্রী আঞ্জুমান থানায় এসে এএসআই শাহনাজ আক্তারকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলেন। ওই সময় শাহনাজ থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন।
একপর্যায়ে ওসির কক্ষে রাতে যাওয়া নিয়ে তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য ও কটূক্তি করা হয় বলে জিডিতে উল্লেখ করেন শাহনাজ। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত হয়েছেন বলেও অভিযোগ করেন।
এএসআই শাহনাজ আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা থানার অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।
তবে জিডির বিষয়ে যা শুনেছেন, তা সত্যি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেয়।’
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, জিডি ও বদলির বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটা নিজেদের মধ্যে একটা ভুল-বোঝাবুঝি হয়েছে।
অভ্যন্তরীণভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা আমরা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে পুরোপুরি অবগত আছেন।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :