অসাধ্য সাধন করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শাই হোপ।
টি-টোয়েন্টিতে ২৫০ রান চেজ করা তো আর মুখের কথা নয়!
কিন্তু এমন কঠিন লক্ষ্য তাড়া করেও শান্ত হোপ। অথচ, এ সময় একটু বিস্মিতই হওয়ার কথা তার। তবে তার শান্ত থাকার পেছনে একটা কারণ রয়েছে। যেটা ইট মারলে পাটকেলের মতো।
এই পাটকেলটি মেরেছেন শুবমান গিলের উদ্দেশে।
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। সেদিন ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল ভারত। ২২৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক গিল।
গুয়াহাটিতে জয়ের পর তাই সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘৪০৬? শান্ত থাকুন।’ যেন বোঝাতে চেয়েছেন এটা কোনো লক্ষ্য হলো।
সেই খোঁচারই জবাব এবার দিলেন হোপ। টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে। ২৫০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
তাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হোপ। খেলেছেন ১০২ রানের অপরাজিত ইনিংস।
জয়ের পর তাই সামাজিক মাধ্যমে হোপ লিখেছেন, ‘২৫০? শান্ত থাকুন।’ তিনিও যেন বোঝালেন ক্যারিবিয়ানদের জন্য এটা কোনো লক্ষ্য হলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :