শিরোনামঃ

বান্দরবানে জিপ উল্টে নিহত ২, আহত ৫

অনলাইন ড্রেস
বান্দরবানে জিপ উল্টে নিহত ২, আহত ৫
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

বান্দরবানের আলীকদমে পর্যটক ও যাত্রীবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

 

 

সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে কয়েকজন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি জিপ থানচির তিন্দু বাজার, নাফাখুম ও অমিয়াখুমের উদ্দেশে রওনা দেয়। পথে আলীকদম-থানচি সংযোগ সড়কের ২১ কিলোমিটার এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

 

 

আহত হন আরো পাঁচজন।

দুর্ঘটনাস্থলটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্কবিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

 

খবর পেয়ে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

 

নিহত দুইজনের মরদেহ আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করবে বলে জানা গেছে।

 

৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি সড়কটির বিভিন্ন অংশ অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ। ফলে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পর্যটন মৌসুমে এ ধরনের ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।