শিরোনামঃ

দুর্যোগ মোকাবেলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ

অনলাইন ড্রেস
দুর্যোগ মোকাবেলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আনসার ও ভিডিপির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মধ্যে মতবিনিময় হয়েছে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, জোন ও থানা এলাকায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা, প্রশিক্ষণ এবং দুর্যোগের সময় দ্রুত মোতায়েনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের দুর্যোগকালীন সময়ে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর সম্ভাবনাও তুলে ধরা হয়।

 

পরিকল্পনা অনুযায়ী, এসব স্বেচ্ছাসেবী ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে পারবেন।

 

 

এ জন্য স্বেচ্ছাসেবীদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবেলায় বিশেষায়িত ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

প্রস্তাবিত ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় একটি কার্যকর স্থানীয় দুর্যোগ সাড়াদান সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনার কথাও বৈঠকে তুলে ধরা হয়।

এ ছাড়া ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের বিদ্যমান সক্ষমতার সঙ্গে আনসার-ভিডিপির বিস্তৃত স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কীভাবে সমন্বিতভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে মতবিনিময় করা হয়। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত মোতায়েন ব্যবস্থা, প্রশিক্ষণ সহায়তা এবং কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা হয়।

 

 

বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়াতে পারস্পরিক প্রশিক্ষণ সহায়তা এবং তথ্য বিনিময়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

 

ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই বাহিনীর মহাপরিচালক।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই বাহিনীর সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়াদানের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।