পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃষ্টি খাতুন (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। তার কোলে থাকা দুই বছরের কন্যাশিশু অক্ষত রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের বেড়া উপজেলার সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃষ্টি খাতুন (২২) সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি খাতুন তার শিশুসন্তানকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে পৌঁছালে বৃষ্টি অসাবধানতাবশত সিএনজি থেকে মাথা বের করে থুতু ফেলার চেষ্টা করেন।
ঠিক সে মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মাথায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় নিহতের কোলে থাকা তার দুই বছরের কন্যা
শিশু কোনো আঘাত পায়নি।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই তরুণীর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটির পরিচয় বা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
মাধপুর হাইওয়ে থানার এস আই শহীদুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :