শিরোনামঃ

বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত, কেশবপুরে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিনিধি
বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত, কেশবপুরে নেতাকর্মীদের ঢল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মীর সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে একের পর এক মিছিল এসে পৌঁছালে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগানসহ মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা।

​বাঘা থানা বিএনপির আহ্বায়ক ও ৩ নম্বর পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক জুয়েল খান।

​আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনর্বাহালের আন্দোলনে বিএনপির ভূমিকার ওপর আলোকপাত করেন।

​বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতি করে এসেছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তাই দলের মূল চালিকাশক্তি।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফি নেওয়াজ অমল থান্দার, সমাজসেবক মো. সজল খান, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কমল, সাবেক ইউপি সদস্য জিয়ার উদ্দিন, ছাত্রনেতা ও ব্যবসায়ী বাবর হোসেন, মো. শিমুল শেখসহ বাঘা উপজেলা যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনভর নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখরিত থাকে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ ও আশপাশের এলাকা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।