৩ ধাপে পে স্কেল বাস্তবায়ন, বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত
মাহদী আমিন।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এর মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন, সমৃদ্ধি ও মর্যাদা আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সোমবার মন্ত্রিপরিষদে নবম পে স্কেল প্রস্তাব অনুমোদনের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান মাহদী আমিন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের এই মুখপাত্র বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষায়, সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা ও উদ্যোগে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডে মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে পর্যায়ক্রমে তিন ধাপে কার্যকর হবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও অনুরূপ ধাপভিত্তিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হবে।
তিনি আরো বলেন, সরকারি চাকরিজীবীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রথমবারের মত মাসিক ৩ হাজার টাকা ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু হচ্ছে।
এর মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন, সমৃদ্ধি ও মর্যাদা আরও বেগবান হবে, ইনশাআল্লাহ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :