বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা, থাকছে ৫৪৯ প্রকাশনা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক / ৯১ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

 

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। এ উপলক্ষে মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আজ মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বইমেলাসংক্রান্ত বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা ২০২৬–এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা, জনসংযোগ, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জি এম মিজানুর রহমান, বইমেলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. সরকার আমিন, বর্তমান বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম এবং কমিউনিকেশন ম্যানেজার ইয়াছিন শরীফ।

সংবাদ সম্মেলনে সদস্যসচিব ড. মো. সেলিম রেজা জানান, এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হবে।

তিনি জানান, এবারের বইমেলায় অংশগ্রহণ করছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান।

এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান। মোট ইউনিট সংখ্যা ১০১৮টি। লিটল ম্যাগাজিন চত্বর থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিন স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে থাকবে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

মেলার বিন্যাস মূলত গতবারের মতোই থাকছে। তবে মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে বাহিরপথ কিছুটা পরিবর্তন করে মন্দির গেটের কাছে স্থানান্তর করা হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এলাকায় মোট চারটি প্রবেশ ও বাহিরপথ থাকবে। খাবারের স্টলগুলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে।

 

পবিত্র রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে মুসল্লিদের জন্য তারাবি নামাজের সুব্যবস্থা রাখা হবে।

 

 

শিশুচত্বর রাখা হয়েছে মেলার মাঝামাঝি স্থানে, যাতে শিশুরা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে।

বইমেলায় বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।

 

নিরাপত্তার বিষয়ে জানানো হয়, বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পুরো এলাকাজুড়ে থাকবে সিসিটিভি ক্যামেরা। মেলা হবে পলিথিন ও ধূমপানমুক্ত। পাশাপাশি পরিচ্ছন্নতা, ধুলাবালি নিয়ন্ত্রণ ও মশক নিধনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এবারের বইমেলায় ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’, ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’, ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ ও ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’-এর পাশাপাশি নতুনভাবে যুক্ত হয়েছে ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’।

 

বইমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এবারের বইমেলাকে ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৬-এর ব্যবস্থাপনা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছে বর্তমান বাংলা লিমিটেড।

 

সংবাদ সম্মেলনের শেষে সদস্যসচিব ড. মো. সেলিম রেজা গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর ও সফল বইমেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category