শিরোনামঃ

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫


সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

 

গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শাহিন (৩২), আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মাদার আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৬), একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. সাজু হোসেন (২৯), কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হাসান (৪০) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মো. আলী হোসেন (৪৬)।

 

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি উত্তরের ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (১০ আগস্ট) সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে থেকে মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়।

 

 

এ সময় তার কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় আশুলিয়ার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন ও সাজু হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

পরে একই রাতে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক হাসান ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

 

তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবির তথ্য অনুযায়ী, তিনটি পৃথক অভিযানে মোট ৪ হাজার ৬৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

 

পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ফারুক হাসানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।

 

 

আর আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করতেন এবং সাভার-আশুলিয়াসহ আশপাশের এলাকায় তাদের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মাদকের সরবরাহকারী ও চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।