|
Getting your Trinity Audio player ready...
|

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদকে’ (৩২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদক-সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।
মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :