মাগুরার মহম্মদপুরে ভিজিএফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণের অভিযোগ প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে ।
আকাশ বিশ্বাস স্পেশাল রিপোর্টার বাংলাদেশ।
মহম্মদপুর উপজেলা এর বাবুখালী ইউনিয়ন এ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি খাদ্য সহায়তার চালের পরিবর্তে উপকারভোগীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের অনেক অসহায় ও নিম্ন আয়ের মানুষ গত তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরেও তাদের প্রাপ্য চাল পাননি। এতে উপকারভোগীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগীদের দাবি, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও একই ইউনিয়নে একাধিকবার ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের প্রশ্ন, সরকারি বরাদ্দের চাল কোথায় যাচ্ছে এবং কেন বারবার একই ধরনের অভিযোগ সামনে আসছে।
এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।