ঝালকাঠি সরকারি কলেজ কম্পাউন্ডে ইমামুলকে হত্যা চেষ্টার অভিযোগে মানববন্ধন
ঝালকাঠি, প্রতিনিধি
ঝালকাঠি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল কম্পাউন্ডে চা বিক্রেতা ইমামুলের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও আহতের স্বজনরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
রোববার (১০ মে) সকাল ১১টায় ঝালকাঠি সরকারি কলেজের উত্তর গেটে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের ছাত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শাহিন মোল্লা, তার ছোট ভাই তুহিন মোল্লা, কলেজের নৈশ প্রহরী সুলতান এবং তার ছেলে জহিরুলের নেতৃত্বে ইমামুলের ওপর হামলা চালানো হয়।
বক্তাদের দাবি, নৈশ প্রহরী সুলতানের বিরুদ্ধে কলেজের বৈদ্যুতিক তার চুরির প্রতিবাদ করায় চা বিক্রেতা ইমামুলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার একপর্যায়ে তাকে বেঁধে কলেজের ছাত্রী হোস্টেল কম্পাউন্ডে নিয়ে গিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।