দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হতে পারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
সম্প্রতি এক মতবিনিময়সভায় শিক্ষামন্ত্রী বলেছেন, উচ্চশিক্ষা খাতে প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়ে সরকার ভাবছে।
জানা যায়, ইতিমধ্যে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হতে পারে।
সুত্রের তথ্য অনুযায়ী, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হতে পারে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ইউজিসি, ঢাবিসহ গুরুত্বপূর্ণ সংস্থা ও ক্যাম্পাসের শীর্ষ পদে পরিবর্তন আনার বিষয়ে কাজ চলছে।
কাকে কোথায় নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
সূত্র কালের কণ্ঠ