সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের ১০ দিন পর মৃত্যু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মাছুম কাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাছুম কাজী নগরকান্দা উপজেলার বেতাল গ্রামের হবি কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্বশুরবাড়ি সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যাওয়ার পথে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইউনুস মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হন মাছুম কাজী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরএমওর পক্ষে ওয়ার্ড মাস্টার মো. আতিয়ার রহমান বিষয়টি কোতোয়ালি থানাকে অবহিত করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :