দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০৮ সালে তিনি বিভাগটি থেকে অবসরে গেলেও পরবর্তী পাঁচ বছর সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু দিন আগে অধ্যাপক সাখাওয়াত আলী খান স্ট্রোক করেছিলেন।কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে বাসায় নেওয়া হয়। তবে রোববার রাতে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় অধ্যাপক সাখাওয়াত আলী খানের জানাজা অনুষ্ঠিত হবে।
দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০০৮ সালে তিনি বিভাগটি থেকে অবসরে গেলেও পরবর্তী পাঁচ বছর সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাক্ষেত্রে অবদানের পাশাপাশি তিনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সাখাওয়াত আলী খান নরসিংদীর শিবপুর উপজেলায় এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় আসার আগে প্রায় এক দশক তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেন।