কক্সবাজারের রামু উপজেলায় বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহেরা বেগম আঁখি (৩৬) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে বেলালকে হত্যা করেন। আঁখি টিকটকার বলে জানা গেছে।
বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রায়েত সরওয়ারের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বেলাল উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল হাজীপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ মাস আগে থেকে স্ত্রী তাহেরা বেগম আঁখিকে নিয়ে বেলাল ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। বুধবার দুপুরে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিন থেকে চার দিন আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহেরা বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। ঘটনার পর তিনি দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান। তাহেরার বাড়ি খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম থোয়্যাংগাকাটা দক্ষিণ ঘোনা এলাকায়। তিনি টিকটকার বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত পলাতক টিকটকার ঘাতক মহিলাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’