গতকাল ৮ মে ২০২৬ খ্রি. সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে রাত ১১:২৫ ঘটিকায় একজন চোরকে চুরি হওয়া ১৪ টি বৈদ্যুতিক মিটার ও মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ রাশিদ হাসান (২৪)। মোঃ রাশিদ হাসান সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাশিদ হাসান রাজশাহী জেলার বাগমারা থানাধীন বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি করে; ঘটনাস্থলের আশেপাশের ঝোপঝাড়ে লুকিয়ে রাখত। অভিযু্ক্ত ঘটনাস্থলে মোবাইল নম্বর সম্বলিত চিরকুট রেখে মিটার মালিকদের সঙ্গে যোগাযোগ করত এবং প্রতি মিটারের জন্য সাত হাজার টাকা চাঁদা দাবি করত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণের পর মিটারের অবস্থান জানিয়ে দিত।
এ ঘটনায় মোঃ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে বাগমারা থানায় মামলা নং-১৪, তারিখ-০৮/০৫/২০২৬ খ্রি., ধারা-৪৫৪/৩৭৯/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে; সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রাম হতে রাত ১১:২৫ ঘটিকায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অত:পর গ্রেফতারকৃত অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গেলে তার দেখানো ও সনাক্তমতে বিভিন্ন স্থান হতে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে রাজশাহী জেলার বাগমারা থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাশিদ হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।