রাজবাড়ী জেলায় গত দুই সপ্তাহে তিন দফায় বেড়েছে ডিমের দাম। ডিমের দামের এমন হঠাৎ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।
শুক্রবার (৮ মে) বিকাল পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ৩০ টাকা বেড়ে গিয়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের তথ্যমতে, দুই সপ্তাহ আগেও প্রতি ডজন ডিম ১০০ টাকায় বিক্রি হতো।
এরপর প্রথম দুই দফায় ডজনে ২০ টাকা বাড়ার পর গত সপ্তাহের মাঝামাঝি সময়ে তৃতীয় দফায় আরো ১০ টাকা বৃদ্ধি পায়। ফলে বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তিন দফা বৃদ্ধিতে প্রতি পিস ডিমের দাম প্রায় ৩ টাকা বেড়েছে।
এদিকে আগে ৩০ পিসের এক ট্রে ডিম ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে একই ট্রে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।
অর্থাৎ প্রতি ১০০ ডিমে দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা।
রিকশাচালক লতিফ মুন্সি বলেন, ‘সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। এরমধ্যে ডিমের দামও এমন লাগামহীন। এখন আমরা কী খেয়ে বাঁচব?’
রাজবাড়ী বাজারের ডিম ব্যবসায়ী হাবিব উল্লাহ বলেন, ‘খামারে মুরগি পালনের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেক খামারি মুরগি পালন কমিয়ে দিয়েছেন।
আবার বেশ কিছু খামারি তাদের খামার বন্ধও করে দিয়েছেন। এতে পাইকারি বাজারে ডিমের দাম বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। দাম বৃদ্ধির কারণে বিক্রিও কমে গেছে।
এই ব্যবসায়ী আরো জানান, উৎপাদন খরচ কমানো এবং বাজার তদারকি জোরদার না হলে ডিমের দাম আরো বাড়তে পারে।