যুবককে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

অনলাইন ড্রেস
যুবককে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রংপুরের পীরগঞ্জে সোহেল রানা নামের এক যুবককে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককেও উদ্ধার করা হয়েছে।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ সদর এলাকার রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়া, সর্দারপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে খোকন এবং আনারুল ইসলামের ছেলে সাগর মিয়া।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সোহেল রানা তাঁর চাচার ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান নিয়ে সর্দারপাড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পীরগঞ্জ পৌরসভার ঈদগাহ মাঠের পেছনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন তাঁর পথরোধ করেন। পরে তাঁরা সোহেল রানার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

 

 

অভিযোগে বলা হয়, জুয়েল মিয়ার বাড়িতে নিয়ে সোহেল রানাকে আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তাঁর পরিবারের কাছে মুঠোফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি পুলিশকে জানায় ভুক্তভোগী সোহেল রানার পরিবার।

 

 

পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। বারবার অবস্থান পরিবর্তন করায় দিনভর অভিযান চালানোর পর সন্ধ্যায় পীরগঞ্জ পৌরসভার বালুয়াহাট এলাকা থেকে সোহেল রানাকে উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় সোমবার সোহেল রানা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।