শিরোনামঃ

যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে সংবর্ধনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হয়ে নিজ জেলা যশোরে এসে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছলে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

যশোর বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি যশোর সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যশোরবাসী আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় নিজ সন্তানকে বরণ করে নেওয়ার দৃশ্যের অবতারণা করেন।

সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা পালন করবেন। এজন্য তিনি যশোরবাসীসহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন দুপুরে তিনি কারবালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তার পিতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।