নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হঠাৎ মাঝপথে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন টিপু সুলতান (৪০)। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বালিয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীর সংলগ্ন আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড় শুরু হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নেন।
দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করে বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন টিপু সুলতান। পরে ইভেন্টের মেডিক্যাল টিমের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মদনপুরের আল-বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মুখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, ‘সারা দেশ থেকে আসা অ্যাথলেটদের সঙ্গে টিপু সুলতানও স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশ নিয়েছিলেন। অসুস্থ হওয়ার পরপরই আমরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তার আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’
টিপু সুলতানের মৃত্যুতে প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, ব্যক্তিগত সহকারী টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :