রাজশাহী নগরীর খোজাপুর এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোজাপুর গোরস্থানের প্রাচীর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ মোস্তফা নগরীর দাসমারি এলাকার তইমুর উদ্দিনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এর উপকমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।