চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে শামসুল আলম নামের এক কাজীকে আটক করে মারধরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বাল্যবিয়ে পড়ানোর সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করেন।
পরে তাঁকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ সদস্যরা আগে তাঁর চিকিৎসা করানোর পরামর্শ দেন।
স্থানীয়দের অভিযোগ, শামসুল আলমের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানো, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর কাজীর লাইসেন্স বাতিল করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লাইসেন্স বাতিলের পরও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে তাঁকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দীন বলেন, ‘বিষয়টি শুনেছি। তাঁকে মারধর করা হয়েছে। স্থানীয়দের তাঁকে আগে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :