বর্ষা ঋতুতে রূপসী পদ্মার চিরচেনা তপ্ত চরের রূপ ধুয়ে-মুছে একাকার। রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন ও সীমান্ত নোঙর সংলগ্ন ‘মুক্তমঞ্চ’ এলাকা এখন পানিতে কানায় কানায় পূর্ণ। ভরা বর্ষায় পদ্মার গর্জন, কুলকূল ধ্বনি আর কূল-উপচে পড়া উত্তাল তরঙ্গ দেখতে প্রতিদিন বিকেলে মুক্তমঞ্চ ও টি-বাঁধ এলাকায় আছড়ে পড়ছে হাজারো দর্শনার্থীর ভিড়। তবে পানি বৃদ্ধির এই সময়ে একদিকে যেমন মেতে উঠেছে তরুণ-তরউনী ও বিনোদনপ্রেমীরা, অন্যদিকে তেমনই দানা বাঁধছে তীব্র নিরাপত্তা উদ্বেগ ও নানা বিতর্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের আলো ঢলে পড়তেই রাজশাহী শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে জমেছেন হাজারো মানুষ। বন্ধুদের আড্ডা, পরিবার নিয়ে ঘুরে বেড়ানো আর উথাল-পাথাল তরঙ্গের পটভূমিতে সেলফি তোলার হুলস্থুল পড়ে গেছে চারদিকে। স্থানীয় পর্যটন ব্যবসাগুলোতেও বইছে আনন্দের বাতাস—চা, চটপটি ও ফাস্টফুডের দোকানগুলোতে ধুম পড়েছে বিকিকিনির।
তবে এই অপরূপ সৌন্দর্যের আড়ালেই ওত পেতে রয়েছে চরম ঝুঁকি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিমাপ অনুযায়ী, পদ্মার পানি বর্তমানে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে নদীতে তৈরি হয়েছে প্রকাণ্ড ঘূর্ণিস্রোত ও তীব্র টান। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই বাঁধের একেবারে কিনারে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ কেউ তো এক ধাপ এগিয়ে জীবনের তোয়াক্কা না করেই ঝাঁপ দিচ্ছেন উত্তাল পানিতে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, বাঁধের এ অংশগুলোতে সামান্য অসাবধানতা বা পা পিছলে গেলেই ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণহানি।
সুশীল সমাজের প্রতিনিধি ও পথচারীদের একাংশের মতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা অপরাধ নয়, কিন্তু নিরাপত্তার তোয়াক্কা না করে এভাবে ভিড় জমানো দায়িত্বজ্ঞানহীনতার সামিল। বিশেষ করে কোনো প্রকার লাইফ জ্যাকেট ছাড়া প্রমত্তা পদ্মায় ডিঙি নৌকা নিয়ে ঘুরে বেড়ানো চরম বিপজ্জনক।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে নদী অববাহিকা ও মুক্তমঞ্চ এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিনোদনপ্রেমীদের যাতায়াত সীমিত করতে সিভিল ডিফেন্স ও নৌ-পুলিশের টিম মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভরা বর্ষার প্রমত্তা পদ্মা যেন সৌন্দর্য ও শঙ্কার এক মেলবন্ধন। এখন দেখার বিষয়—প্রশাসনের কঠোর সচেতনতামূলক পদক্ষেপ ও দর্শনার্থীদের নিজস্ব বোধোদয় কতটুকু রোধ করতে পারে উদযাপনের আড়ালে লুকিয়ে থাকা সম্ভাব্য বিপর্যয়কে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :