শিরোনামঃ

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৫


বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৫
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আহত হয়েছে আরো পাঁচজন।

 

 

 

রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আহতদের মধ্যে ইয়াসির আরাফাত নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

 

গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল।

 

 

দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢাল অতিক্রম করার সময় রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

 

 

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, মাহিন্দ্রাটি পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশালের দিকে আসছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাসটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

 

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত ববি শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যানজটের সৃষ্টি হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।