স্টাফ রিপোর্টার
ফরিদপুরে অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মুন্সিবাজারের চুইঝাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয়। এ সময় গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাসলিমা খাতুন (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাগুরা সদর উপজেলার ছয়চার এলাকার মৃত আবু তালেব খন্দকারের মেয়ে বলে জানা গেছে।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত তাসলিমা খাতুন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।