শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফকিরহাটে সাড়ে তিন মাসে সড়কে নিহত ১১, আহত ৩০

অনলাইন ডেক্স / ৩০ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বর্তমানে উদ্বেগজনক হারে বাড়ছে। গত সাড়ে তিন মাসে দুর্ঘটনায় সড়কে প্রাণহানি হয়েছে ১১ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি বেশি হয়েছে।

চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের ঘটনা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগের শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী সুবীর দে (৬৫) নিহত ও একজন আহত হয়। গত ২ জানুয়ারি উপজেলার পালেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার সেলিম শেখ (৪৫) নিহত হন। এ ঘটনায় আহত হন বাসের চালক মুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)।

১৬ জানুয়ারি দুপুর ১২টায় মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হন। গত ২২ জানুয়ারি ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (২৫) নিহত হন।

এদিকে গত ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ জন আহত হন।১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফকিরহাট মহাসড়ক এলাকায় বাসের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন আক্তার (৪৫) নামের এক নারী মারা যান এবং তার স্বামী আতিয়ার রহমান (৫৫) আহত হন।

 

১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রি হাসিব মোল্লা (২৫) নিহত হন। ৭ মার্চ বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় কালভার্টের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) নিহত হন।

এছাড়া ১৫ মার্চ সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হন। পহেলা এপ্রিল সকালে উপজেলা বৈলতলী এলাকায় বাসের চাপায় ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী মারা যায়।

শ্যামনগর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক চালক ইয়াছিন শেখ (৫৫) নিহত হন। 

বেপরোয়া গতি, অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ফকিরহাট বিশ্বরোড এলাকায় বিভিন্ন রুটের যানবাহনের চাপ থাকে সবচেয়ে বেশি। সড়কে ওভার ব্রিজ না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপের দাবি জানানো হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘বিধিনিষেধ ও আইন অমান্য করার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়া গাড়ি চালানো। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে।’


More News Of This Category