দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে প্রতিবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতিষ্ঠানটি জানায়, এবার মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সব ধরনের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে।
এ ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।
প্রতিবেদন পাঠাতে আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ অথবা কিউআর কোড স্ক্যান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।