নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ মার্চ) উপজেলার দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
অভিযান সূত্র জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়।
এ সময় পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আসামিদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেন।
তিনি আরো বলেন, ‘রমজান মাসে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’