নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে পৃথক দুই গ্রামে দুর্ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার ছেলে নাফিস (সাড়ে ৩) এবং পূর্বধলা উপজেলার মৌদাম কাঁদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬)।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের পাহাড়পুর গ্রামে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় নাফিস। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কাঁদাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় রাহাত হাসান। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।পরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :