নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপঝাড় থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে ঝোপঝাড়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় টহলদল। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে কসটেপ খুললে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্র ও গুলি জব্দতালিকা অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১-এর অপস্ অফিসার রওনক এরফান খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত টহলের সময় আমাদের অফিসাররা এই অস্ত্র উদ্ধার করে।’