নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–
নর্দান ইউনিভার্সিটি ও WESHDA এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বেলা ২টায় নর্দান ইউনিভার্সিটি, খুলনায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে খুলনায় যুব দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
“MoU Signing Ceremony” শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WESHDA এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এস এম হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক ড. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, প্রফেসর জাহিদুল ইসলাম এবং আহসান হাবিব হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণদের উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগ সময়োপযোগী।
প্রধান অতিথি ডাঃ এস এম হক তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজকে দক্ষ করে তুলতে হলে প্রশিক্ষণভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। WESHDA এ লক্ষ্যেই কাজ করছে এবং এই সমঝোতার মাধ্যমে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।”
কী-নোট স্পিকার ড. শাহ আলম বলেন, “খুলনায় একটি শক্তিশালী ‘ইউথ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই MoU-এর আওতায় বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, কর্মশালা, ইন্টার্নশিপ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এতে শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন নর্দান ইউনিভার্সিটি, খুলনার ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান।
এ সময় ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ খুলনা অঞ্চলে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে।
—