ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের কল্যাণপট্টি এলাকায় প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কাটার সময় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
উপজেলা প্রসাশন সুত্র জানা গেছে, নগরকান্দার কল্যাণপট্টি এলাকায় ভেকু দিয়ে কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে আসছিলেন মো. কামরুজ্জামান নামে এক মাটি ব্যবসায়ী।
এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুজ্জামান নামে এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারায় তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’