দূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টিতে ঢাকার বাতাস মাঝারিমানের
জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। এমন অবস্থায় ১৭৮ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১৭৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কামপালা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
অন্যদিকে বায়ুমান স্কোর ৭৫ নিয়ে তালিকার ২৯ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
রবিবার (১৯ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে শীর্ষ ৩ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের শিকাগো। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে রবিবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো—বারিধারা পার্ক রোড (১৩৩), বারিধারা লেকসাইড এলাকা (১০৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (৯৭), গুলশান লেক পার্ক (৯৫), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৮৬), শহিদ শাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (৭৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৭৯), ধানমণ্ডি (৭৫), খিলগাঁওয়ের গোড়ান (৬৯) এবং গুলশান-২-এর রোব ভবন এলাকা (৫৩)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :