গ্যাসসংকট বহু বছরের পুঞ্জীভূত একটি সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘দেশের স্থলভাগের গ্যাস অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন।
আমরা জনগণের সমস্যার প্রতি সমব্যথী, কিন্তু এই সংকটটা বহু বছরের পুঞ্জীভূত। দুই বছরের মতো সময় অন্তর্বর্তী সরকার ছিল, তারাও স্থলভাগে গ্যাস খোঁজার চেষ্টা করেনি।’
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভাগ্য ভালো, তাদের সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়নি।
’ তিনি জানান, গত বছর গ্যাসের দাম যেখানে ১২ থেকে ১৪ ডলার ছিল, এ বছর তা বেড়ে ২৪ ডলারে পৌঁছেছে।
গ্যাস সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আমাদের এফএসআরইউ যেটা নষ্ট হয়েছিল, সেটা ঠিক করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে, সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে সংকট অনেকটা ঠিক হয়ে যাবে।এ সময় উপদেষ্টা গ্যাসসংকট সমাধানে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। প্রাকৃতিক গ্যাস বাঁচাতে এবং গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন সর্বোচ্চে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান জানান, ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে ৫০০ কোটি টাকায় একটি জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাবতা যাচাই সম্পন্ন হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
দেশে সারের সংকট নেই জানিয়ে তিনি বলেন, ‘সারের সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে। কোনো কোনো জায়গায় সার বিতরণের কিছু অনিয়ম হয়তো এসেছে। অনিয়মগুলো সরকার আমলে নিয়ে সেটার জন্য খুব দ্রুত ব্যবস্থাও নিচ্ছে।’
সরকার সার বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বলেও জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এই পরিবর্তনটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা তৈরি হচ্ছে। নতুন প্রসেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে সমস্যাগুলো হচ্ছে।’
এ সার নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি জানান, সারের যেন কোনো ঘাটতি না হয়, সে জন্য প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির বৈঠকে ৩ লাখ ৬৫ টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরো ১ লাখ ১৫ হাজার টন অনুমোদন দেওয়া হয়েছিল।
দেশে ইউরিয়ার মজুদ আছে ৪ দশমিক ৮২২ লাখ মেট্রিক টন, টিএসপি ৩ দশমিক ৬৯, ডিএপি ৩ দশমিক ৬৮, এমওপি ১ দশমিক ৪৬- অর্থাৎ মোট ১৩ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন মজুদ আছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :