টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে সদর উপজেলার টাঙ্গাইল-কালামপুর আঞ্চলিক মহাসড়কের গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসিফ টাঙ্গাইল সদর উপজেলার চর পাতুলী কচুয়াডাঙ্গা এলাকার মনোয়ার হোসেনের ছেলে। তিনি হাজী আবুল হোসেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের (হাবিট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মুরগি বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে পাশের পুটিয়াজানি হাটে যান আসিফ। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
রাত আটটা পর্যন্ত তার মুঠোফোন নম্বর চালু পাওয়া গেলেও পরে তা বন্ধ হয়ে যায়। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
আজ সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা গাড়াইল আন্ডারপাস এলাকার একটি ডোবায় পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় এক যুবকের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, নিখোঁজ থাকা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :