ঝালকাঠিতে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ
নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
শংকর দাস পবন, সহঃবার্তা সম্পাদক
নির্বাচনোত্তর সময়ে তরুণদের প্রত্যাশা, কর্মসংস্থান, সুশাসন, জবাবদিহিতা এবং রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ নিয়ে ঝালকাঠিতে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ ইন্ডিং হাঙ্গার এ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের প্রত্যাশা ও মতামত শোনেন।
ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।
সংলাপে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও কার্যকর করতে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
আলোচনায় তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ, প্রশাসনিক জবাবদিহিতা, সুশাসন, আইনের শাসন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিসহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রশাসনকে আরও জনবান্ধব করার পাশাপাশি সরকারি নিয়োগ ও সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত এবং দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে বক্তারা বলেন, শুধু শিক্ষিত তরুণ তৈরি করলেই হবে না; শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় তাদের আরও সম্পৃক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) নাঈম আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপে তরুণদের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, জবাবদিহিমূলক প্রশাসন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :