সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে হুইপবৃন্দ।
রবিবার (৮ মার্চ) শ্রদ্ধা নিবেদনকালে তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে চিফ হুইপ স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এ সময় চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিএনপি ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।
তিনি আরো বলেন, আগামী ১২ সংসদ অধিবেশন বসবে। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই অধিবেশন অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত হবে বলে সকলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এবিএম আশরাফ উদ্দিনসহ (নিজান) এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।