রাজশাহীর বাঘায় কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে স্বামীর হাঁসুয়ার কোপে জুথি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত জুথি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। তাদের ৮ বছর ও দেড় বছরের ছেলের রয়েছে। জুথি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়।জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান, কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই জুথির মৃত্যু হয়।স্থানীয়রা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, আজ থেকে আমি স্বাধীন।
চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোর্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :